খেলাধুলা

চেম্বারলেইন-সালাহদের গোলে লিভারপুলের উড়ন্ত জয়

হাঁটুর চোট কাটিয়ে ১৮ মাস পর লিভারপুলের হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে নেমেছেন অ্যালেক্স-অক্সলেড-চেম্বারলেইন। ফেরার ম্যাচেই জোড়া গোল করে আলোচনায় তিনি। তার সঙ্গে মোহাম্মদ সালাহ ও সাদিও মানেদের গোলে হেঙ্ককে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

লুমিনাস অ্যারেনায় গ্রুপ ‘ই’ এর ম্যাচে গতকাল রাতে লিভারপুলকে স্বাগত জানায় হেঙ্ক। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে দাপুটে জয় পেয়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইনের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল পেয়েছে সালাহ ও মানে।

সবশেষ ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের হয়ে মাঠে নেমেছিলেন চেম্বারলেইন। চোটের কারণে পরের দেড় বছর মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। মাঠে ফিরেই এবার ঝলক দেখালেন ইংলিশ এ তারকা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ফাবিনিয়োর পাস থেকে হেঙ্কের জালে বল পাঠান অক্সলেইড-চেম্বারলেইন। প্রথমার্ধে  আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় ইয়ুর্গেন ক্লুপের দল।  ৫৭তম মিনিটে আবার ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন অক্সলেইড-চেম্বারলেইন। ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে উঁচু করে শট নেন এই ইংলিশ মিডফিল্ডার। ক্রসবারের নিচের দিকে লেগে জালে যায় বল।

চেম্বারলেইনের পর  দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন সালাহ ও মানে। ম্যাচের ৭৭তম মিনিটে সালাহর বাড়ানো বল ছুটে গিয়ে জালে জড়ান মানে। ৮৭ মিনিটে অসাধারণ একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান সালাহ। ঘিরে থাকা ডিফেন্ডারদের পায়ের কারিকুরিতে ফাঁকি দিয়ে আড়াআড়ি শট নেন। পোস্টে লেগে জালে যায় বল। পরের মিনিটে ব্যবধান কমায় হেঙ্ক। ডিউমার্সি এডনগালার কাটব্যাকে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন স্টিভেন ওডেয়। শেষপর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

‘ই’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। হেঙ্ককে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল। ঢাকা/শামীম