জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডের কাপুর পরিবারের মেয়ে তিনি। প্রায় দুই দশক ধরে রুপালি জগতে কাজ করছেন। বলিউডের দক্ষ অভিনেত্রীদের একজন। কিন্তু আমির খানের লাল সিং চাড্ডা সিনেমার জন্য তাকেও অডিশন দিতে হয়েছে।
লাল সিং চাড্ডা সিনেমায় কেন্দ্রীয় অভিনয় করছেন আমির। নায়িকা চরিত্রে দেখা যাবে কারিনাকে। আমির সবকিছুতে শতভাগ নিশ্চিত হতে চাইছিলেন। এজন্যই কারিনার অডিশন নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
কারিনা কাপুর বলেন, হঠাৎ করেই আমির ফোন করে বলে, ‘আমি চাই তুমি এই চিত্রনাট্য শোনো এবং এটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’ খুব স্বাভাবিক প্রক্রিয়ার সবকিছু ঘটেছে। সে কল দেয়ার পরই আমি চিত্রনাট্য শুনি। এরপর সে বলে, চলো তুমি একটি দৃশ্য পড়ে শোনাও। তখন আমার মনে হচ্ছিল, এমনটা আগে কখনোই করিনি। মনে মনে ভাবছিলাম কি হচ্ছে! করব কি করব না ভাবছিলাম। যদিও এটি কোনো বড় ব্যাপার ছিল না।
১৯ বছরের অভিনয় ক্যারিয়ারে এর আগে কখনো অডিশন দিতে হয়নি কারিনাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, সময় বদলাচ্ছে। যদি এর সঙ্গে তাল না মেলাই এবং ভাবতে থাকি, আমি একজন ডিভা অথবা এর বেশি কিছু তাহলে সমস্যা। এমনকি সাইফ আমাকে বলেছে, এতে সমস্যা কোথায়? আল পাচিনোকেও তার চরিত্রের জন্য অডিশন দিতে হয়েছে। এতে সমস্যার কিছু নেই। অভিনয়শিল্পী হিসেবে আমাদের সব বিষয়ে নিশ্চিত থাকা উচিৎ।
টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ মুক্তিপ্রাপ্ত হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার রিমেক লাল সিং চাড্ডা। সবকিছু ঠিক থাকলে এটি হবে আমির-কারিনার তৃতীয় সিনেমা। এর আগে থ্রি ইডিয়টস (২০০৯) ও তালাশ (২০১২) সিনেমায় অভিনয় করেছেন তারা। পরিচালনা করছেন আদভাইত চন্দন। ২০২০ সালে ক্রিসমাস উপলক্ষে এই সিনেমা মুক্তির কথা রয়েছে। ঢাকা/মারুফ