বিজ্ঞান-প্রযুক্তি

অফিসে দীর্ঘ সময় কাজ করলে মাথায় টাক পড়ে

অফিসে দীর্ঘ সময় কাজের সঙ্গে মাথায় টাক পড়ার যোগসূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘ সময় কাজ করা, আপনার মাথায় টাক পড়ার সম্ভাবনা দ্বিগুণ করতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।

বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, অফিসে যারা সপ্তাহে ৫২ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন তাদের দ্বিগুণ গতিতে চুল পড়েছে, যারা ৪০ ঘণ্টারও কম সময় অফিসে কাটিয়েছিলেন তাদের তুলনায়।

বিজ্ঞানীরা বলছেন, এর কারণ হতে পারে পর্যাপ্ত ফ্রি সময় না পাওয়া এবং বেশি কাজের কারণে সৃষ্ট মানসিক চাপ। ১৩ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ কাজের সময় চুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশেষভাবে প্রভাব ফেলে। মানসিক চাপের কারণে শরীরের বিভিন্ন অংশে হরমোনের মাত্রার পরিবর্তন চুলের এই ক্ষতিগ্রস্ততার কারণ। অতিরিক্ত হরমোন তৈরি হলে তা মাথার ত্বকের চুলের গ্রন্থিকোষের বৃদ্ধির ধরনকে বাধা দিতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার সুংকিঙ্কুয়ান ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা। গবেষণায় ২০ থেকে ৫৯ বছর বয়সী ১৩,৩৯১ জন পুরুষ কর্মীর ওপর ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নজর রাখা হয়েছে।

এ গবেষণার ফলাফলের আলোকে অফিসগুলোর কর্তৃপক্ষের প্রতি কর্মীদের কর্মঘণ্টা কমানোর আহবান জানানো হয়েছে।

 

ঢাকা/ফিরোজ