চলতি বছর আয়োজিত রিয়েলিটি শো ‘গানের রাজা’ আসরে দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা।
প্রতিযোগিতার মঞ্চ জয় করে লাবিবা এবার মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন। এ যাত্রার শুরুতে সঙ্গে পেয়েছেন ‘গানের রাজা’-এর অন্যতম বিচারক ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।
‘কেন এত চাই তোকে’ শিরোনামে রোমান্টিক ঘরানার এই গানে লাবিবার সহশিল্পী ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান। সিএমভির ব্যানারে গানটি মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর।
এ গান নিয়ে নির্মাণ করা হয়েছে মিউজিক ভিডিও। গল্প নির্ভর এ ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল। এতে ইমরান-লাবিবাকেও দেখা যাবে।
ইমরান বলেন, ‘লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যেকোনো পেশাদার শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। প্রতিযোগিতা চলার সময়ই তার কণ্ঠে মুগ্ধ হয়েছি। সিদ্ধান্ত নিই ওর জন্য গান করব। প্রতিযোগিতা শেষে শতভাগ আন্তরিকতা নিয়ে সেই চেষ্টা করেছি। আশা করছি, লাবিবাকে এই গানের মাধ্যমে আপনারা সাদরে গ্রহণ করবেন। আর ধন্যবাদ জানাই সিএমভিকে। তারা বরাবরই নতুনদের প্রতি আন্তরিক।’
লাবিবা বলেন, ‘প্রথমবার আমার মৌলিক গান প্রকাশ হচ্ছে। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।’
লবিবার জন্ম খুলনায়। তিনি সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন। তার বড় বোন ফাইরুজ মালিহাও একজন গায়িকা। তিনি ‘চ্যানেল আই-ক্ষুদে গান রাজ ২০১৩’-এর চ্যাম্পিয়ন। ঢাকা/রাহাত সাইফুল/শান্ত