পশ্চিমা রূপকথার বইগুলিতে মৎসকুমারী নিয়ে অজস্র গল্প রয়েছে। খুঁজলে হয়তো মৎসকুমারের গল্পও পাওয়া যাবে। তবে মৎসকুমার কিংবা কুমারী নয়, চীনের একটি গ্রামে মানুষের মুখের আদলে মুখ থাকা একটি মাছের সন্ধান পাওয়া গেছে।
গত নভেম্বরে কুমিং প্রদেশের মিয়াও গ্রামের একটি পুকুরে অদ্ভুত আকৃতির মাছটি দেখতে পান এক নারী পর্যটক। সঙ্গে সঙ্গে তিনি ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়,মাছটি পানির কিনারায় এসে মাথা বের করছে। একটু পরেই এটি পানিতে ডুব দেয়। মাছটির মাথার অংশ ঠিক মানুষের আকৃতির। মুখ, নাক আর চোখ দুটিও ঠিক যেন মানুষের মতো।
অবশ্য মানুষের মুখের মতো বা কিছুটা মানুষের আদলে মাছ দেখার ঘটনা এটাই প্রথম নয়। ২০১০ সালে যুক্তরাজ্যের এসেক্সে মানুষের আদলে একটি কার্পজাতীয় মাছ ধরেছিলেন ৪৪ বছরের এক কসাই। পরে তিনি ওই মাছটি বিক্রি করেছিলেন ৪০ হাজার পাউন্ডে। ২০১৬ সালে চীনের হুনান প্রদেশের উগাং সিটিতে কুই শিয়াওহুয়া নামের এক শিক্ষক একই ধরনের মাছ ধরেছিলেন।
ঢাকা/শাহেদ