বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি। ভারতীয় টিভি ধারাবাহিক ও রিয়েলিটি শোতেও দেখা গেছে তাকে। গান্ধী পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সম্প্রতি এই অভিনেত্রী আটক হন। তবে এখন জামিনে মুক্তি পেয়েছেন।
পায়েল রোহাতগি বলেন, এই ঘটনার ঘোর এখনো কাটেনি। কীভাবে হলো? আমি কী করেছি? জামিন পেয়ে এখন মোটামুটি স্বস্তিবোধ করছি। যখন বুঝতে পারে আমি জামিনের চেষ্টা করছি রাজস্থান পুলিশ আমাকে আহমেদাবাদ থেকে নিয়ে যায়। আমাকে থানার নোংরা সেলে রাখা হয়েছিল। এরপর জেলে নিয়ে পাঁচজন ভয়ঙ্কর অপরাধীদের সঙ্গে আটকে রাখে। এটি ছিল দুঃস্বপ্নের মতো। ঠান্ডা মেঝেতে ঘুমাতে হয়েছে। আমার পক্ষে আর একদিনও জেলে টেকা সম্ভব ছিল না।
তিনি আরো বলেন, আমার স্বামী খুবই সহজ-সরল ব্যক্তি। আইনি জটিলতা নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এজন্যই রাজস্থান পুলিশ আমার বিরুদ্ধে তা ব্যবহার করেছে। তারা দাবি করছে— আমি তাদের নোটিশের উত্তর দেইনি। কিন্তু আমার ই-মেইল ভিন্ন কথা বলছে।
গত অক্টোবরে পায়েল রোহাতগি তার সামাজিক যোগাযোগমাধ্যমে জওহরলাল নেহরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন। এই অভিনেত্রীর পোস্ট ভাইরালও হয়। এরপর বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় পায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। কিন্তু রাজস্থান পুলিশকে যথাযথ সাহায্য না করায় তাকে আটক করা হয়।
পায়েল বলেন, আমার মনে হয় না এই অভিজ্ঞতা কখনো ভুলতে পারব। আশা করব এরকম পরিস্থিতিতে আমাকে আর পড়তে হবে না। মিডিয়া আমার পাশে ছিল। আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। যে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছি তা ভুলতে সময় লাগবে। ঢাকা/মারুফ