করোনাভাইরাস প্রাদুর্ভূত চীনের উহানে অনুদান হিসেবে চিকিৎসক-রোগীদের জন্য দেওয়া মাস্কসহ চিকিৎসা সামগ্রী সরকারি কর্মকর্তারা ব্যবহার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাসপাতালকর্মীরা আবর্জনার ব্যাগ দিয়ে সুরক্ষা সামগ্রী তৈরি করছেন, কেউ হাসপাতালে ঘুমিয়ে আছেন কিংবা হতাশা ও অবসাদে কান্নাকাটি করছেন। এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর রোগীদের জন্য বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী বিভিন্ন এলাকা থেকে অনুদান হিসেবে পাঠানো হয়।
বেইজিং নিউজ নামে একটি সংবাদমাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সরকারি কর্মচারীরা অনুদানের মেডিকেল সামগ্রী নিজেরাই ব্যবহার করছেন।
আরেকটি ছবিতে দেখা গেছে, চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠকে কর্মকর্তারা বিশেষায়িত এন৯৫ শ্বাসমুখোশ ব্যবহার করেছেন। অথচ চিকিৎসকরা ব্যবহার করছেন সাধারণ মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, এই সামগ্রীগুলো চিকিৎসকদের জন্য, সরকারের জন্য নয়।’
আরেকজন লিখেছেন, ‘নির্লজ্জ। কিছুটা মানসম্মান থাকা উচিৎ। পুরো দেশ দেখছে।’
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওইবোতে ভিডিওটি এক জন পোস্ট করে লিখেছেন, ‘আপনারা যদি মাস্ক কিনতে না পারেন, তাহলে সাধারণ নাগরিকরা কিনতে কোথায় যাবে?’ ঢাকা/শাহেদ