আন্তর্জাতিক

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে জনস্বাস্থ‌্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।  এরই মধ‌্যে বিশ্বের ৭৩টি দেশের ৯০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।  নিকট ভবিষ্যতে এ ভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

গত বছরের ডিসেম্বরের চীনের উহান শহরে প্রথম এ ভাইরাস ছড়ায়।  ভয়বহভাবে ছড়িয়ে পড়া এ ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ‌্যকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।  চীন ছাড়াও এ ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালিসহ বেশ কয়েকটি দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  এরই মধ‌্যে দেশগুলোতে ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপসহ বিভিন্ন সতর্কতা আরোপ করা হয়েছে।

সোমবার সবশেষ তথ‌্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ৩১১৫ জনের মৃত‌্যু হয়েছে।  শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি।  মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৩ জনের।  চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনে যতজন আক্রান্ত না হয়েছে, তার চেয়ে আটগুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছে বাইরের বিভিন্ন দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস সর্বোচ্চ মাত্রায় ছড়িয়ে পড়ছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং জাপানের পরিস্থিতি এখন সবচেয়ে উদ্বেগজনক। তবে দক্ষিণ কোরিয়া নিবিড় নজরদারি চালু করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

হু প্রধান সবাইকে সতর্ক করে বলেন, এ ভাইরাস নিকট ভবিষ‌্যতে বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করতে পারে। ঢাকা/এসএম