আন্তর্জাতিক

চোখে ট্যাটু করাতে গিয়ে অন্ধ হলেন মডেল

বর্তমান ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে মানুষ কত কিছু করে। ফ্যাশনের ধারায় অনেকে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করে।

তাই বলে চোখের সাদা অংশে ট্যাটু? সম্প্রতি এমনই এক কাজ করে সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে বসেছেন পোল্যান্ডের এক মডেল।

দেশটির রোকলার বাসিন্দা আলেক্সান্দ্রা স্যাডোওস্কা (২৫) চোখের সাদা অংশটি কালো রঙ দিয়ে ট্যাটু করাতে তিনি স্থানীয় এক ট্যাটু শিল্পী পিয়োটার কাছে যান।

ওই মডেল ট্যাটু করানোর পর থেকেই চোখে তীব্র ব্যথা অনুভব করেন। ওই ট্যাটু শিল্পী এ ধরনের ব্যথা খুব স্বাভাবিক বলে আলেক্সান্দ্রাকে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেন।

কিন্তু পিয়োটারের ওই পরামর্শ আলেক্সান্দ্রার কোনো কাজে আসেনি। দ্রুতই তিনি তার ডান চোখের আলো হারিয়ে ফেলেন। জানা গেছে, আলেক্সান্দ্রা তার বাম চোখের দৃষ্টিও হারাতে বসেছেন।

আলেক্সান্দ্রার এমন ক্ষতি করার জন্য তিন বছরের কারাদণ্ড হয়েছে পিয়োটারের।

তদন্তে দেখা গেছে, আলেক্সান্দ্রার চোখের মণিতে ট্যাটু আঁকতে এমন বডি ইংক ব্যবহার করেছিলেন যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর।

চিকিৎসকরা জানিয়েছেন, আলেক্সান্দ্রার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই।

আলেক্সান্দ্রা বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, চিকিৎসকরা দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো আশা দেখছেন না। আমি হয়তো সম্পূর্ণ অন্ধ হয়ে যাব।’

সূত্র : এনডিটিভি ঢাকা/জেনিস