আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক হাজার ২০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ভাইরাসে মৃতের সংখ্যা ৩০ এ পৌঁছেছে। এদের মধ্যে ২৪ জনই ওয়াশিংটনের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ওয়াশিংটনে। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায়ও আক্রান্তের সংখ্যা খুব একটা কম নয়। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ম্যাসাচুসেটস। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০ তে পৌঁছেছে। এছাড়া ভাইরাস আতঙ্কে অনেক রাজ্যেই জরুরি চিকিৎসা অবস্থা জারি করা হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ভাইরাস আক্রান্তদের শনাক্তে চিকিৎসা সরঞ্জামে এখনও ঘাটতি আছে বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এই ঘাটতির কারণে ইতোমধ্যে অনেক রাজ্যেই স্থানীয় কর্মকর্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কেন্দ্র থেকে কী পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বা হচ্ছে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

 

ঢাকা/শাহেদ