আন্তর্জাতিক

‘যুক্তরাজ্যে করোনায় মারা যাবে ৪০ হাজার মানুষ’

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাজ্যের। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। বাড়ছে মৃতের সংখ্যাও। ইতিমধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৪ হাজার ৫৭৬ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৮৪৭ জন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যুক্তরাজ্যে ঠিক কতগুলো প্রাণহানি ঘটতে পারে?

শুক্রবার বিবিসিকে এমন প্রশ্নের জবাব দিয়েছেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের প্রফেসর অ্যান্থনি কস্টেলো। তিনি জানিয়েছেন যুক্তরাজ্যে ৪০ হাজার প্রাণহাতি ঘটতে পারে। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছেন দ্বিতীয়বার কিংবা তারও বেশিবার এই ভাইরাস আঘাত হানতে পারে দেশটিতে। সেক্ষেত্রে করোনার বিরুদ্ধে লড়ার উপায় হিসেবে তিনি টিকা তৈরি করার উপর জোর দিতে বলেছেন।

‘সমীক্ষার মাধ্যমে সায়েন্টিফিক অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী করোনাভাইরাসের এই ধাক্কায় যুক্তরাজ্যে ৪০ হাজার মানুষের প্রাণহাতি ঘটতে পারে। করোনাভাইরাসে এবার হয়তো আমাদের জনসংখ্যা ১০ থেকে ১৫ শতাংশ আক্রান্ত হতে পারে। এরপর আরো একাধিকবার করোনার আক্রমণ আসতে পারে। সেক্ষেত্রে এই আক্রান্তের হার ৪০ থেকে ৬০ শতাংশ হয়ে যেতে পারে। এই আক্রান্তের সংখ্যা আমাদের কমিয়ে রাখতে হবে। কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করতে হবে। বিভিন্ন বন্দর দিয়ে মানুষের আগমণ নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কেবল উন্নয়নশীল দেশের মানুষের ক্ষেত্রেই নয়। ইউরোপ, সিঙ্গাপুরের কিংবা যেকোনো জায়গা থেকে আসা মানুষের ক্ষেত্রেও। এসব ক্ষেত্রে করোনাভাইরাস আবার ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে টিকা আবিস্কার ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে।’

 

 

ঢাকা/আমিনুল