আন্তর্জাতিক

জীবনরক্ষাকারী চিকিৎসকদের নামে সন্তানের নাম রাখলেন জনসন

জীবনরক্ষাকারী দুই চিকিৎসকের নামে নবজকাতকের নাম রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস  জনসন ও তার বাগদত্তা ক্যারি সিমন্ডস। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইনটেনসিভ কেয়ার ইউনিটের দুই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন জনসন।

গত সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, সেন্ট থমাসের চিকিৎসকরা ‘প্রশ্নাতীতভাবে জীবন রক্ষা করেছেন।’

শনিবার টুইটারে ক্যারি সিমন্ডস তার পুত্র সন্তানকে সাথে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। নবজাতকের নাম উইলফ্রেড লরি নিকোলাস রাখার কথাও জানান তিনি।

সিমন্ডস জানান, তার দাদার নাম লরি আর জনসনের দাদার নাম উইলফ্রেড। দুজনের নামই পুত্রের নামের সঙ্গে যোগ করা হয়েছে। আর লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে জনসনের চিকিৎসা করেছিলেন নিক প্রাইস ও নিক হার্ট নামের দুই চিকিৎসক। তাদের দুজনের নাম মিলিয়ে নিকোলাস করা হয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালের প্রসূতি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়ে সিমন্ডস বলেন, ‘আমার হৃদয় পরিপূর্ণ।’ ঢাকা/শাহেদ