একজন বিশেষজ্ঞ দাবি করেছেন, যারা করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন সুস্থ হওয়ার পর তাদের ৩০ দিন পর্যন্ত যৌনমিলন এড়ানো উচিত।
থাইল্যান্ডের ডিজিজ কন্ট্রোল বিভাগের সিনিয়র মেডিকেল বিশেষজ্ঞ বীরাওয়াত মনসুঠি কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার ব্যক্তিদের ৩০ দিনের জন্য অন্তরঙ্গ হওয়া এড়ানো উচিত বলে পরামর্শ দিয়েছেন। এমনকি চুম্বনের ক্ষেত্রেও সতর্ক করেছেন।
খাওসোদ ইংলিশকে দেওয়া সাক্ষাৎকারে ডা. মনসুঠি বলেন, যারা ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন বলে নিজেরা বিশ্বাস করেন তাদের যৌনমিলনের সময় কনডম ব্যবহার করা উচিত। চুম্বনও এড়ানো উচিত। কারণ করোনাভাইরাস মুখের মাধ্যমেও ছড়িয়ে যেতে পারে।’
ডা. মনসুঠির এই পরামর্শ সাম্প্রতিক একটি গবেষণার উপর ভিত্তি করে দেয়া হয়েছে। ওই গবেষণায় দেখা গেছে, কিছু পুরুষের বীর্যে ভাইরাসটির উপস্থিতি রয়েছে।’
গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালের গবেষকরা হেনান প্রদেশের ৩৮ জন পুরুষ করোনাভাইরাস রোগীর বীর্যের নমুনা নিয়েছিলেন। দলটি ২৬ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি দুই দফা নমুনাগুলো বিশ্লেষণ করেছেন এবং দেখেছেন যে, ১৬ শতাংশ পুরুষের বীর্যতে ভাইরাসের উপস্থিতি রয়েছে।
জেএএমএ জার্নালে প্রকাশিত গবেষণাটিতে গবেষকরা লিখেছেন, ‘বীর্যতে ভাইরাসের উপস্থিতি বর্তমানে যতটা বোঝা যায় তার চেয়ে বেশি সাধারণ হতে পারে এবং বীর্য নিঃসরণের সময় ভাইরাসটি সম্পূর্ণ অনুপস্থিত বলে ধরে নেওয়া উচিত নয়।’
বীর্য ছাড়াও, করোনাভাইরাস শ্বাসতন্ত্রের কণায়ও পাওয়া গেছে, যার অর্থ চুম্বন থেকেও দূরে থাকা উচিত।
এই গবেষণার ফলাফলে প্রেক্ষিতে, ডা. মনসুঠি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও লোকজনকে ঝুঁকি এড়াতে ৩০ দিনের জন্য যৌনমিলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ঢাকা/ফিরোজ