খেলাধুলা

জরিমানা দিয়ে তৃতীয় টেস্টের দলে আর্চার

ইংল্যান্ড ক্রিকেট দলের করোনা প্রটোকল ভাঙায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন গতিময় পেসার জোফরা আর্চার। দলের বায়ো-সিকিউর প্রথা ভাঙায় আর্চারের শাস্তির ইঙ্গিত আগেই দিয়েছিলেন দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস। সেটিই সত্য হলো। শুক্রবার জাইলসের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটির শুনানিতে আর্চারকে জরিমানা করা হয়। আর জরিমানা দিয়ে তৃতীয় টেস্ট খেলার ছাড়পত্র পেলেন ক্যারিবিয়ান বংশোদ্ভুত আর্চার।

সাউদাম্পটনের প্রথম টেস্ট শেষে সবাইকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে পাড়ি দিতে বলা হয়। করোনার এই সময় সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর প্রথম টেস্ট ভেন্যু থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার পথে নিয়ম ভেঙে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেকের মতো সময় কাটিয়েছেন আর্চার। আর এতে নিজের পাশাপাশি দলের সবার করোনা আক্রান্তের সম্ভাবনা জেগে ওঠে। আর তাই আর্চারকে ৫ দিনের আইসোলেশনে পাঠানো হয়। যেখানে থাকাকালীন অবস্থায় তার দুইবার করোনা টেস্ট করা হবে। দুটির রিপোর্ট নেগেটিভ আসলেই আবার দলের সঙ্গে যোগ দিবেন আর্চার।

তার এমন কাজের জন্য বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা ছিল ইসিবির। আর তাই তৃতীয় টেস্টের দল থেকে আর্চারের বাদ পড়ার সম্ভাবনার কথাও বলেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। তবে শেষ পর্যন্ত ইসিবি এক বিবৃতিতে আর্চারকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে তৃতীয় টেস্টের জন্য ছাড়পত্রের বিষয়টি জানান। যদিও জরিমানার অঙ্ক জানায়নি ইসিবি। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, অঙ্কটা ১৫ হাজার পাউন্ড।

এদিকে বর্তমানে পাঁচদিনের আইসোলেশনে আছেন আর্চার। সেখানে ইতিমধ্যে একবার করোনা টেস্ট করা হয়েছে তার। যার ফল নেগেটিভ এসেছে। দ্বিতীয়বারের মতো টেস্ট করা হবে সোমবার। সেটিও নেগেটিভ আসলে শুক্রবারের টেস্ট খেলার জন্য মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন আর্চার। ঢাকা/কামরুল