খেলাধুলা

দশ দিনের ব্যবধানে দুই অস্ট্রেলিয়ান অলিম্পিয়ানের বিদায়

গত ৮ জুলাই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে মাছ শিকার করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান স্নোবোর্ডার অ্যালেক্স পুলিন। অস্ট্রেলিয়ার এই তারকা স্নোবোর্ডার শীতকালীন অলিম্পিকে দেশটির পক্ষে স্বর্ণ জিতেছিলেন।

পুলিনের মৃত্যুর দশ দিন পর অকাল প্রয়াণের শিকার হলেন আরেক অস্ট্রেলিয়ান অলিম্পিক তারকা। ১৮ জুলাই বিশ বছর বয়সে মারা গেলেন স্কেটার একাটেরিনা অ্যালেক্সান্দ্রোভস্কায়া। নিজের জন্মভূমি রাশিয়ার মস্কোতে মারা যান এই তারকা স্কেটার। গত বছর থেকে এই তারকার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল। এই জন্য ২০২০ সালের অলিম্পিক শেষে অবসরে যাওয়ার পরিকল্পনাও ছিল একাটেরিনার।

রাশিয়ায় জন্ম হলেও একাটেরিনা অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হার্লে উইন্ডসরের সঙ্গে জুটি বেঁধে স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

নিজের সতীর্থকে হারিয়ে উইন্ডসর দুঃখপ্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘আমি এখন কতটা দুঃখ অনুভব করছি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছি। কাটিয়ার (একাটেরিনা) হুট করে বিদায় আমার হৃদয় একদম ভেঙে দিয়েছে। আমাদের একসঙ্গে জুটি বেঁধে খেলার সুবাদে যে সম্পর্ক তৈরি হয়েছিল, আমি তা কখনো ভুলতে পারবো না। সে সবসময় আমার হৃদয়ের গহীনে বাস করবে।’

শারীরিক অসুস্থতার জন্য ২০২০ সালের অলিম্পিক শেষে এই জুটি অবসর নিতো জানিয়ে ফেব্রুয়ারিতে উইন্ডসর বলেছিলেন, ‘কাটিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় আমরা আর বেশিদিন না খেলার পরিকল্পনা নিয়েছি। আমরা ২০২০ অলিম্পিক শেষে অবসরে যেতে চাই। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

এই অলিম্পিক তারকার বিদায়ে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি গভীরভাবে শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছে।

 

ঢাকা/কামরুল