বিনোদন

‘আপনাদের ভালোবাসা দেখছি’

বলিউডের ‘বিগ বি’ অভিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি এই অভিনেতা। এছাড়া বচ্চন পরিবারের আরো তিন সদস্য— অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালে থাকলেও ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করছেন অমিতাভ। শনিবার (১৮ জুলাই) রাতেও মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেছেন বলিউডের ‘শাহেনশাহ’। এতে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্য ও তার পুরোনো একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা দেখছি, আপনাদের প্রার্থনা শুনছি, হাত জোড় করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

এছাড়া তার ব্লগে অমিতাভ লিখেছেন, ‘সম্পর্কের মূল্য সবচেয়ে বড়। আপনার উপস্থিতির মূল্য সবচেয়ে বড়। মন্দির, মসজিদ, চার্চ, গুরুদুয়ারা, সিনাগগ থেকে যে প্রার্থনা আপনারা করছেন তা আমাদের কাছে পৌঁছেছে। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আবেগাপ্লুত।’

তিনি আরো লিখেছেন, ‘আমাদের জীবনে আপনাদের পেয়ে ভাগ্যবান মনে করছি। প্রতিনিয়ত আমাদের শক্তি জোগাচ্ছেন ও মনে করিয়ে দিচ্ছেন— আমরা একা নই। শুধু ধন্যবাদ দেওয়া যথেষ্ট নয়। কিন্তু এটি শুধু একটি চিঠি নয়, আরো বেশি কিছু বহন করছে। ভালোবাসা।’

গত ১১ জুলাই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ বচ্চন। এরপর তার ছেলে অভিষেক বচ্চনেরও কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানা যায়। শুরু থেকে তারা দুজন হাসাপাতালে রয়েছেন।

অমিতাভ-অভিষেক করোনায় আক্রান্ত হওয়ার পর বচ্চন পরিবারের সদস্যদের কোভিড-১৯ টেস্ট করা হলে ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্য পজিটিভ হন। শুরুতে তারা বাড়িতে আইসোলেশনে থাকলেও এখন হাসপাতালে রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ঢাকা/মারুফ