খেলাধুলা

ড্রয়ে শেষ করলো চ‌্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

গত বছরের ১৭ আগস্ট চলতি মৌসুমের যাত্রা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম ঘরোয়া লিগের শিরোপা না পাওয়া রিয়াল পণ করেই মাঠে নেমেছিল এবার যে করেই হোক জিততে হবে লা লিগা।

যেই কথা সেই কাজ। শুরুতে আঁটসাট পারফরম‌্যান্স, মাঝে ধ্রুপদী ফুটবল। এরপর করোনা বিরতি ও শেষটায় মনোমুগ্ধকর পারফরম‌্যান্স, ফলাফল লা লিগায় ২০১৯-২০ মৌসুমে চ‌্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ক্লাবের ৩৪তম লা লিগা শিরোপা। ১৬ জুলাই নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জেতে রিয়াল।

এক ম‌্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করলেও শেষ ম‌্যাচে তাদের থামিয়েছে লেগানেস। শনিবার রাতে দুই দলের লড়াই ২-২ ড্র হয়েছে। ম‌্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় পায়নি রিয়াল। এ ম‌্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেন সার্জিও রামোস ও মার্কোস অ‌্যাসেনসিও।

ম‌্যাচের শুরুতে ৯ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। দলটির অধিনায়কের এটি লিগের ১১তম গোল। ডিফেন্ডার হিসেবে একবিংশ শতাব্দীর সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার নামের পাশে। পাশাপাশি লা লিগায় নিজের একশ গোলের রেকর্ডও ছুঁয়েছেন রামোস। রিয়ালের হয়ে ৯৭ এবং সেভিয়ার হয়ে তিন গোল করেছেন স্পেনের এ ডিফেন্ডার্।

প্রথমার্ধের যোগ করা সময়ে লেগানেস সমতায় ফেরে ব্রায়ান গিলের গোলে। তবে দ্বিতীয়ার্ধে ফিরে আবার গোল পায় রিয়াল। ইসকোর বাড়ানো পাসে লক্ষ‌্যভেদ করেন অ‌্যাসেনসিও। তবে চ‌্যাম্পিয়নদের কপালে ড্র লিখা ছিল। এজন‌্য শিশুতোষ ভুলে ৭৮ মিনিটে গোল হজম করে।

লিগ শিরোপা নিশ্চিতের পর এবার রিয়ালের চোখ চ‌্যাম্পিয়নস লিগে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ৭ আগস্ট তাদের প্রতিপক্ষ ম‌্যানচেস্টার সিটি। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব‌্যুতে ২-১ ব‌্যবধানে জিতেছিল গার্দিওলার শিষ‌্যরা। এবার রিয়ালের প্রতিশোধ নেওয়ার পালা।

 

ঢাকা/ইয়াসিন