বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার করোনার এই বিপর্যস্ত সময়ে গৃহবন্দি হয়ে আছেন। ফিটনেস ধরে রাখার জন্য ঘরে নিয়মিত কাজ করছেন। নিজের আগের খেলা বিশ্লেষণ করছেন। কিন্তু কোনো কিছু কি মাঠে খেলার পরিপূরক হতে পারে? বাইশ গজে ক্রিকেট খেলার চেয়েও আনন্দের হতে পারে?
সৌম্যের কাছে নিশ্চিত উত্তর, না। এই ক্রিকেটার এই মুহূর্তে ঘরে বসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ উপভোগ করছেন। একইসঙ্গে আক্ষেপে পুড়ছেন, এই বলে, ‘কবে ম্যাচ খেলবো?’
নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই বিবৃতি দিয়ে একটা ছবি দিয়েছেন সৌম্য। যেখানে দেখা যাচ্ছে বল হাতে সৌম্য, আর তার সামনে টিভিতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ডের মাটিতে ফিরেছে খেলা। বাংলাদেশে এখনো খেলা ফেরার অবস্থা না থাকলেও সবুজ ঘাসের স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন নয় ক্রিকেটার। দেশের চার জেলায় মুশফিক, ইমরুল, মিথুনরা নিজেদের ফিরে পেতে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। ঢাকা/কামরুল