খেলাধুলা

ইংল্যান্ডের ১৪ বছরের আক্ষেপ ঘুচালেন স্টোকস

সর্বশেষ ২০০৬ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের সৌজন্যে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষ অবস্থান দখল করেছিল ইংল্যান্ড ক্রিকেট। তারপর কেটে গেছে ১৪ বসন্ত। কিন্তু মাথাছাড়া দিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিং দখল করা হয়নি কোনো ইংলিশ ক্রিকেটারের। অবশেষে বেন স্টোকসের সৌজন্যে ১৪ বছরের আক্ষেপ ঘুচালো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন স্টোকস।

ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন সম্মান অর্জন করলেন স্টোকস। ‘উইজডেন ট্রফি’ শুরু হওয়ার আগে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন স্টোকস। আর তার চেয়ে ৬৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান হোল্ডার। সাউদাম্পটন টেস্টে ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন স্টোকস। দুর্দান্ত ছিলেন হোল্ডারও। আর তাই মাত্র ৮ পয়েন্ট ব্যবধান কমিয়ে দ্বিতীয় স্থানেই স্থির থাকতে হয়েছিল স্টোকসকে।

তবে ওল্ড ট্র্যাফোর্ডে নিজের সামর্থ্যে সবটুকু দিয়ে যে ক্রিকেট উপহার দিয়েছেন এই তারকা ইংলিশ ক্রিকেটার। এরপর শীর্ষস্থানের মুকুট স্টোকসের মাথায় ওঠা ছিল সময়ের ব্যাপার। ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট হাতে করেছেন ২৫৪ রান। তার মধ্যে এক ইনিংসে অপরাজিত। দলের খুব প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়ে দলের জয়ও ছিনিয়ে নিলেন। ম্যাচে দুর্দান্ত প্রভাব রাখা স্টোকস এই ম্যাচ খেলে ফেলেন ৬৬ পয়েন্ট। ফলে স্টোকসের পয়েন্ট দাঁড়ায় ৪৯৭। হোল্ডার নতুন কোনো পয়েন্ট না পেলেই শীর্ষস্থান নিশ্চিত ছিল স্টোকসের।

তবে ম্যানচেস্টারে আশানুরুপ ক্রিকেট খেলতে না পেরে উল্টো পয়েন্ট হারিয়ে বসলো হোল্ডার। ২৬ পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন হোল্ডার। এদিকে দুর্দান্ত খেলার ফলস্বরুপ হোল্ডার থেকে ৩৮ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান সুসংহত করলো এ ইংলিশ ক্রিকেটার। এদিকে এটি অলরাউন্ডারদের পয়েন্ট তালিকায় দ্বিতীয় সেরা। এর আগে ২০০৮ সালে ক্যালিস শীর্ষস্থান দখলের সময় ৫১৭ পয়েন্ট অর্জন করেছিলেন।

এদিকে ড্যাডি সেঞ্চুরির পাশাপাশি ঝড়ো অপরাজিত অর্ধশতকে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছেন স্টোকস। ৮২৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থান থেকে এক লাফে তৃতীয় স্থান দখল করে নিয়েছেন স্টোকস। যথারীতি একে স্টিভেন স্মিথ এবং দুইয়ে আছেন বিরাট কোহলি। ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন ১২০ রান করা ডম সিবলিও। ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন সিবলি। ক্যারিবিয়ান ব্রুকস ওল্ড ট্র্যাফোর্ডে মোট ১৩০ রান করে ২৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে।

এদিকে প্রথম টেস্টে বাদ পড়া ব্রড ম্যানচেস্টারে ছয় উইকেট নিয়ে শীর্ষ দশে আবার ফিরেছেন। আর তার জন্য জায়গা ছেড়ে দিয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। হোল্ডারও দুই থেকে নেমে গেছেন তিনে। যথারীতি শীর্ষে আছেন প্যাট কামিন্স এবং নেইল ওয়াগনার।

ঢাকা/কামরুল