বিনোদন

বাণীর স্বপ্ন পূরণ

বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর মাত্র তিনটি সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে তিনি জানিয়েছেন, তার স্বপ্ন পূরণ হয়েছে।

বাণীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। এতে হৃতিক রোশানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘শমশেরা’-তে রণবীর কাপুর ও ‘বেল বটম’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে।

বাণী কাপুর বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এবং ইন্ডাস্ট্রির এরকম পরিশ্রমী অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি সবসময়ই হৃতিক, রণবীর ও অক্ষয় কুমারকে আইডল মনে করে এসেছি। তাদের সিনেমা আমার খুবই পছন্দ। তাই বলা চলে, আমার স্বপ্ন পূরণ হয়েছে।’

এই অভিনেত্রী মনে করেন, অক্ষয়, হৃতিক ও রণবীরের অভিনয় স্টাইল পরস্পর থেকে ভিন্ন। তিনি বলেন, ‘হৃতিক খুবই প্রতিভাবান অভিনেতা এবং তিনি সব কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করেন এবং এটি তার চারপাশের মানুষকেও উদ্বুদ্ধ করে। রণবীর কাপুর খুবই শান্ত এবং অনায়াসেই পর্দায় তার দক্ষতা ফুটিয়ে তুলতে পারেন। অক্ষয় কুমার আমার আইডল। বর্তমানে ইন্ডাস্ট্রির সেরাদের একজন তিনি। তার তারকাখ্যাতি ও ইন্ডাস্ট্রিতে অবদান অস্বীকার্য।’

এই তিন অভিনেতার সঙ্গে তার রসায়নও ভিন্ন বলে জানান বাণী। ‘বেফিকরে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সিনেমার চরিত্রগুলো আলাদা হওয়ায় আমার সঙ্গে তাদের রসায়নও ভিন্ন। তারা চান, আমি যেন তাদের সঙ্গে তাল মেলাতে পারি। পাশাপাশি তারা আমার কাছ থেকে সবসময়ই ভালো কিছু প্রত্যাশা করেন।’

 

ঢাকা/মারুফ