জাতীয়

ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে হবে: সেতুমন্ত্রী

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ জুলাই) দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরে ঈদ সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।

কঠিন বাস্তবতায় এবারের ঈদ উদযাপন হতে যাচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, একদিকে বৈশ্বিক মহামারি করোনা, অন্যদিকে ক্রমশ ছড়িয়ে পড়ছে বন্যা।  সরকার নানাদিক বিবেচনায় নিয়ে জনস্বার্থে গণ চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  করোনার পাশাপাশি অবিরাম বৃষ্টি সড়ক-মহাসড়ক ব্যবস্থাপনা, সুরক্ষা এবং তাৎক্ষণিক মেরামতে অতীতের মতো সড়ক ও জনপদ বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  জনগণের ঈদযাত্রা করতে হবে নির্বিঘ্ন।

এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনাও দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এক এক জোনের বাস্তবতা একেক রকম।  গাড়ির চাপ মহাসড়ক ভেদে ভিন্ন।  আপনারা জোনভিত্তিক সমন্বয় করে পরিকল্পনা নিন।  মহাসড়কে যান চলাচল যাতে বিঘ্ন না হয়-তা আগে থেকেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

ভুলতা, নবীনগর, চন্দ্রা, গাজীপুরের মতো রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে যাকে যানজট সৃষ্টি না হয়, সেদিকে আগে থেকেই খেয়ালে রেখে ব্যবস্থা নিতে আহ্বান জানান ওবায়দুল কাদের।  প্রয়োজনে স্বেচ্ছাসেবক বা কমিউনিটি পুলিশের সাপোর্ট নেওয়ার পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত সড়ক-মহাসড়কের খোঁজখবর নিচ্ছেন।  যেকোনো মূল্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন।

এছাড়া ঈদের আগের ৭দিন এবং পরের ৭দিন ফ্লাইওভার এবং আন্ডারপাসসহ চলমান কাজ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

সড়ক ও মহাসড়ক অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পারভেজ/সাইফ