‘অসাধারণ, অবিশ্বাস্য’- ওল্ড ট্র্যাফোর্ডে বেন স্টোকসের পারফরম্যান্স দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীর মুখে আনমনেই চলে আসবে এমন বিশেষণ। সাউদাম্পটনের প্রথম টেস্টেও অলরাউন্ডিং পারফরম্যান্সে দিয়েছিলেন নেতৃত্ব। সেই স্টোকসকে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে না রাখার পরিকল্পনা করছেন ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউড। অন্যসব ক্রিকেটারের মতো স্টোকসকেও ‘রোটেটিং’ এর আওতায় আনার কথা বিবেচনা করছেন ইংলিশ এই কোচ।
প্রথম টেস্টে ৮৯ রানের পাশাপাশি ৬ উইকেট; দ্বিতীয় টেস্টে ২৫৪ রানের সঙ্গে ৩ উইকেট। স্টোকস ইতিমধ্যে সিরিজের সর্বোচ্চ রান এবং উইকেটশিকারির শীর্ষে আছেন। তার পারফরম্যান্সে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা। ফলে মাঠে তাকে দেখতে চাওয়া স্বাভাবিক জানিয়ে কোচ সিলভারউড বলেন, ‘আমরা তাকে যতবেশি সম্ভব মাঠে দেখতে চাই। সবাই জানে সে কতটা অসাধারণ।’
কিন্তু এরপরেই রোটেটিং সিস্টেমের কথা টেনে সিলভারউড আরও বলেন, ‘কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তার জন্যও রোটেটিং সিস্টেমের কথা ভাবছি। শেষ দুই ম্যাচে স্টোকস মাঠের মধ্যমণি ছিল। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই সে সুস্থ আছে। তবে হ্যাঁ, যদি সে ফিট এবং খেলার মতো উপযুক্ত অবস্থানে থাকে, তবে সে নিশ্চয়ই খেলবে।’
ঠিক এই মুহূর্তে বিশ্বে অন্যতম সেরা ক্রিকেটার স্টোকস। সব ফরম্যাটে দলের সবচেয়ে বড় ভরসার নাম। তাই স্টোকসের সেরাটা পাওয়ার লক্ষ্যে তাকে ভেবে-চিন্তে ব্যবহারের পরিকল্পনা কোচ সিলভারউডের। এছাড়াও এই অলরাউন্ডার ছাড়াও ইংল্যান্ড দল অনেক বেশি শক্তিশালী জানিয়ে সিলভারউড বলেন, ‘স্টোকস ছাড়াও আমাদের দল দারুণ শক্তিশালী। তবে এই মুহূর্তে স্টোকস আমাদের সেরা খেলোয়াড়। আর তাই তার সেরাটা পাওয়ার লক্ষ্যে আমাদের তার যথার্থ যত্ন নিতে হবে।
এদিকে ওল্ড ট্র্যাফোর্ডের শেষ দিন টানা বোলিং করার এক পর্যায়ে নিজের অস্বস্তির কথা স্টুয়ার্ট ব্রডকে জানিয়েছিলেন স্টোকস। সে সময় লম্বা স্পেল করতে এই অলরাউন্ডারকে নিষেধ করেছিলেন ব্রড। কিন্তু দলের স্বার্থে বোলিং করে গেছেন স্টোকস। দলকে কাঙ্খিত ব্রেক থ্রুও এনে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের সঙ্গে আর না পেরে মাঠ ছেড়ে উঠে যান স্টোকস। ফলে শুক্রবারের টেস্টে তাকে দেখা যাবে কি না সে বিষয়ে সংশয় থেকেই যায়। ঢাকা/কামরুল