আন্তর্জাতিক

করোনাকালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে শিশু নির্যাতন

দীর্ঘ সময় ধরে আইসোলেশন ও লকডাউনে থাকাকালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে শিশু নির্যাতন বেড়েছে। বিশেষ করে মেয়েদের ওপর এই নির্যাতনের মাত্রা অনেক বেশি। শিশুদের নিয়ে কাজ করা সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন যৌথ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থা দুটি জানিয়েছে, করোনা  মহামারি অবসানের পরও এই অঞ্চলের প্রায় এক কোটি শিশু স্কুলে ফিরতে পারবে না। অনেক কিশোরীই বাল্যবিয়ের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

নেপালে জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ জানিয়েছেন, করোনার লকডাউনকালে শিশুদের ওপর সহিংসতা বেড়েছে। প্রায় একই রকম চিত্র উঠে এসেছে বাংলাদেশে। শিশুরা এখানে বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।  ভারতের ন্যাশনাল কমিশন ফর ওমেন লকডাউনের প্রথম সপ্তাহে পারিবারিক সহিংসতার ৮৬১টি মামলার তথ্য রেকর্ড করেছে। চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশনের হটলাইনে শিশুদের ওপর নিপীড়ন ও সহিংসতার অভিযোগে ৯২ হাজার ১০৫টি ফোনকল এসেছিল। 

সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ডেভিড ব্লুমার বিবিসিকে বলেছেন, সংকটের সময়গুলোতে ‘যখন কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া হয় তখন মেয়েদেরকেই প্রথম নেতিবাচক প্রক্রিয়ার ধকল সামাল দিতে হয়।’

তিনি বলেন, ‘যদিও শিশু ও নারীদের ওপর সহিংসতা কমাতে এই অঞ্চলে কিছু অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে, তারপরও আমরা নিশ্চিত করতে চাই যে, কোভিড মোকাবিলা নীতিতে যেন মেয়েদের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।’

   

ঢাকা/শাহেদ