ক্রীড়া ডেস্ক: একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অপরদিকে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইপিএল। চলতি বছর বিশ্বকাপ আয়োজন হলে কোনোভাবেই আইপিএল আয়োজন সম্ভব ছিল না। আর আইপিএল মাঠে আনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছায় বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। নিজের ইউটিউবে এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর পিছিয়ে দেওয়াতে সেই ফাঁকা সূচিতে আইপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কমিটি। আর এরপরেই এসব বিষয়ে বিতর্ক তুললেন শোয়েব। তাঁর ভাষ্যে, ‘আইপিএলের কোনোভাবে ক্ষতি হতে দেওয়া যাবে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ ডুবে যাক। ভারতের উচিত এখন থেকে ক্রিকেটের স্বার্থে কাজ করা।’ দ্রুতগতি সাবেক এই বোলার আরও যোগ করেন, ‘অবশ্যই শক্তিধর কেউ অথবা ক্ষমতাবান কোনো বোর্ড আইসিসির নিয়ম পরিচালনা করছে; এবং তারা নিজেদের লাভ দেখছে। বাকিদের নিশ্চিত ক্ষতি করছে।’ এমনকি ভারত-পাকিস্তান যেন একে অপরের মুখোমুখি হতে না পারে, সেটিও নিশ্চিত করছে সেই ক্ষমতাধর কেউ। এমন কথা বলে শোয়েব আরও যোগ করেন, ‘যদি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ হতো, তবে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারতো। কিন্তু তারা এটা বাদ দিয়েছে। এর পেছনে অনেক কারণ আছে তবে আমি বিস্তারিত কিছুই বলতে চাইছি না।’ শোয়েব আরও জানান, তিনি এবং তার সাবেক সতীর্থ রশিদ লতিফ বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিলেন। তারা এই বিষয়ে সোচ্চার ছিলেন। শোয়েব আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু চাইলে এই বছর হতে পারতো। কিন্তু আমি এবং রশিদ লতিফ আগেই বুঝতে পেরেছিলাম, বিশ্বকাপ এই বছর আয়োজন করতে দেওয়া হবে না। আমরা বারবার এই বিষয়ে কথাও বলে গেছি। আসলে এখন ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে; বরং খেলাধুলা থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।’ ঢাকা/কামরুল