শ্রীলঙ্কার দশম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরিয়ানের ক্লাবে যোগ দিলেন দিনেশ চান্দিমাল। ক্যারিয়ারের প্রথম ত্রিশতক হাঁকিয়ে রেকর্ড বইতে জায়গা করে নিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে শ্রীলঙ্কার আর্মির হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন চান্দিমাল। তিনি সারাসেন্স এসসির বিপক্ষে অপরাজিত ৩৫৪ রানের ইনিংস খেলেন। ৩৯১ বলে ৯ ছক্কা এবং ৩৩ চারে এই ইনিংস উপহার দেন চান্দিমাল। তার ত্রিশতকে ভর করে শ্রীলঙ্কা আর্মি ৮ উইকেটে ৬৪২ রান তোলে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমেছে সারাসেন্স।
শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানের স্কোর এখন চান্দিমালের। আর আন্তর্জাতিক ক্রিকেটসহ হিসেব করলে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এই ডানহাতি ব্যাটসম্যানের। তার সামনে লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে ৩৭৪ রানের ইনিংস খেলেছিলেন।