খেলাধুলা

অবিশ্বাস্য পুরানের ছক্কা বৃষ্টি

নিকোলাস পুরানের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ১৬ রান। বাঁহাতি ব্যাটসম্যান পুরানের লক্ষ্য ছিল ভিন্ন। তার সেঞ্চুরির জন্য দরকার ১৮ রান। তিন ছক্কা হলেই সম্ভব।

তেমনটি-ই হলো। সেন্ট কিটসের লেগ স্পিনার ইশ শোধিকে পরপর তিন বলে তিন ছক্কা বানিয়ে পুরান তুলে নেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। মাত্র ৪৫ বলে এ হার্ডহিটার পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। ২২ গজে তার ব্যাটে ছিল ছক্কা বৃষ্টি। ১০টি বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন। ৪ মেরেছেন চারটি। সব মিলিয়ে সেঞ্চুরির ৭৬ রানই পেয়েছেন বাউন্ডারি থেকে। ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২২২.২২।

সিপিএলের ২০তম ম্যাচে গায়ানার লক্ষ্য আহামরি বড় ছিল না। সেন্ট কিটস ৫ উইকেটে তোলে ১৫০ রান। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গায়ানার শুরুর ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। ২৫ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে একা জয়ের বন্দরে নিয়ে যান পুরান। ১২৮ রানের জুটি গড়েন টেলর ও পুরান। যেখানে পুরানের রান ১০০, টেলরের ২৫।