বিনোদন

এশিয়া জয় করলো বাংলাদেশি দীপের টিভি সিরিজ

দেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। ‘ইনভিজিবল স্টোরিজ’ নামে টিভি সিরিজে অভিনয় করে চলতি বছরের শুরুতে সাড়া ফেলেন তিনি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি এইচবিও চ্যানেলে প্রচারিত হয়।

আন্তর্জাতিক পর্যায়ের প্রথম এই কাজ-ই দীপকে এনে দিয়েছে সম্মান। সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে সেরা ড্রামার খেতাব পেয়েছে তার অভিনীত সিরিজটি। একই সঙ্গে দীপের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

সুদীপ বিশ্বাস দীপ বলেন—কনেটেন্ট এশিয়া দীর্ঘদিন ধরে মেধারভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে-সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। আমার অভিনীত ‘ইনভিজিবল স্টোরিজ’ সেরা ড্রামার পুরস্কার পেয়েছে।

তিনি আরো বলেন—আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা হবে এবং পুরস্কৃত হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানসহ পুরো ‘ইনভিজিবল স্টোরিজ’-এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘ইনভিজিবল স্টোরিজ’-এর পর আরো কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনো নতুন কোনো কাজে চুক্তিবদ্ধ হননি তিনি।

ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামের এ টিভি সিরিজে একটি গল্পে অভিনয় করেন দীপ। গত ফেব্রুয়ারিতে তার গল্পটি প্রথম প্রচার হয়। এরপরই আলোচনায় উঠে আসেন দীপ।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দীপ। এরপর কাজ করেছেন ছোট ও বড় পর্দায়। তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে।