মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে আন্না খাতুনের (২২) জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
শুক্রবার (২ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকার মিলন মিয়ার সাথে তাদের বিয়ে হয়।
জানা গেছে, জেলা সদরের লস্করপুরের জুঁইহাটি এলাকার মৃত রিপন শেখের মেয়ে আন্নার ঝিনাইদহের পোড়াহাটি এলাকার হারেজ মিয়ার ছেলে মিলন মিয়ার সাথে বিয়ে ঠিক হয়। দারিদ্রতার কারণে মেয়ের বিয়ের আয়োজন করতে পারছিলেন অসহায় পরিবারটি।
খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত মানবিক সংগঠন হটলাইন টিমের সদস্যদের সহযোগিতায় বিয়ের আয়োজন করেন।
বিয়ের দিন-তারিখ নির্ধারণ, কেনাকাটা, বরযাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব কাজ ও ব্যয় বহন করেন তারা।
শুক্রবার রাতে অনুষ্ঠান করে সবাই মিলে বর-কনেকে বিদায় জানান। নবদম্পতিকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার হিসেবে প্রদান করেন। কনের বিধবা মা সবুরা খাতুন বলেন, টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম আমি। এমপি সাহেবের সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম।’
মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. ফজলুর রহমান জানান, করোনাভাইরাস মহামারিতে মানবিক সহায়তা প্রদানের জন্য জেলা যুবলীগ তাদের কর্মীদের নিয়ে হটলাইন টিম গঠন করে। আজকের এই বিয়ে তাদেরই একটি মানবিক উদ্যোগ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, অসহায় পরিবারের মেয়েটির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।