বিনোদন

অনলাইনে জুয়া: তামান্না-রানা দাগ্গুবতির বিরুদ্ধে আইনি নোটিশ

‘বাহুবলি’ সিনেমা খ্যাত তারকা অভিনয়শিল্পী তামান্না ভাটিয়া ও রানা দাগ্গুবতির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভারতের মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ এ নোটিশ পাঠিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু তামান্না-রানা দাগ্গুবতিই নন, ভার্সেটাইল অভিনেতা প্রকাশ রাজ, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধেও এই নোটিশ পাঠানো হয়েছে। অনলাইনে জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগে বিচারপতি এন কিরুবাকরন এবং বি পুগালেন্ধির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নোটিশ পাঠান। 

জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগে জনস্বার্থে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে—ক্রিকেটার বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, অভিনেতা প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া ও রানা দাগ্গুবতি সহ খ্যাতনামা ব্যক্তিরা অনলাইন জুয়ার প্রচার করছেন। অনলাইন জুয়া গেমস তেলঙ্গানায়া নিষিদ্ধ। তাই মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে এই জাতীয় অনলাইন গেমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। 

এ জাতীয় অ্যাপস ব্যবহার করে তেলেঙ্গানা রাজ্যে কিছু যুবক নিঃস্ব হয়ে আত্মহত্যার ঘটনার পরে অ্যাডভোকেট মোহাম্মদ রিজভি মামলাটি দায়ের করেন। গত ৩ নভেম্বর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। এরপর আদালত এসব তারকাদের নামে নোটিশ জারি করেন।

তামান্না ভাটিয়া অভিনীত পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন নওয়াজের ভাই সামাস নবাব সিদ্দিকী। পাশাপাশি তেলেগু ভাষার ‘সিটিমার’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় তামান্নাকে দেখা যাবে।

অন্যদিকে রানা দাগ্গুবতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউসফুল ফোর’। গত বছরের ২৫ অক্টোবর মুক্তি পায় এটি। বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার মোট ৭টি সিনেমার কাজ তার হাতে রয়েছে।