সারা বাংলা

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২০১৩ সালে এ কমিটি গঠন করা হয়েছিল।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ‌্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ‌্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে ডাকযোগে অথবা ই-মেইলে (bcl1948@hotmail.com) জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হলো।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’