সারা বাংলা

মানিকগঞ্জে অনুমোদন ছাড়া গাছ বিক্রি: চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গাছ বিক্রি করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার (২১ ডিসেম্বর) দৌলতপুর থানায় উপজেলা বন কর্মকর্তা মহসীন হোসেন বাদী হয়ে বন আইনে এ মামলা করেছেন। 

রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা মহসীন হোসেন জানান, উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের সামনে বজ্রপাতে মারা যাওয়ায় গাছগুলো ছিল। অনুমতি ছাড়া কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাছগুলো বিক্রি করে দেন। পরে বিষয়টি জানার পর ইউএনও মহোদয়কে নিয়ে ‘স’ মিল থেকে এসব গাছের কাঠ উদ্ধার করা হয়েছে। 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান জানান, বজ্রপাতে নষ্ট হওয়া গাছ বিক্রির বিষয়ে মাসিক সভায় চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যথাযথ আইনি পদক্ষেপ অনুসারে গাছ বিক্রি করার পরামর্শ দেওয়া হয়। তবে তিনি মৌখিক বা লিখিত কোনো অনুমতি না নিয়ে গাছগুলো বিক্রি করে দেন। 

এ সংবাদ জানার পর সোমবার বিকেলে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার রাকিব সাকিব ‘স’ মিল থেকে ২৬.৪৮ সেপটির আকাশমনির গোল কাঠ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আফসার ‘স’ মিল থেকে ৬৬.১৭ সেপটির সেগুনের গোল কাঠ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন। উদ্ধার করা কাঠগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। নাগরপুর উপজেলায় অভিযানে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে সহযোগিতা করেন। 

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে পরিষদের সামনে বজ্রপাতে একটি সেগুন গাছ মরে যায়। এতে গাছটি অর্ধমরা অবস্থায় থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হতো। তাই গাছটি কাটার জন্য মাসিক সভায় ইউএনও মহোদয়ের মৌখিক অনুমতি নেয়। ইউনিয়ন পরিষদের সব ইউপি সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে গাছ বিক্রি করেছি। এখনো গাছ বিক্রির টাকা হাতে না পাওয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। সেখানে শুধু সেগুন গাছ থাকলেও কোনো আকাশমনি গাছ ছিল না।’

মামলা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিপক্ষের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ইউনিয়ন পরিষদের গাছ বিক্রি করার বিষয়ে উপজেলা বন কমর্কর্তা মহসীন হোসেন সন্ধ্যায় বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। রাত সাড়ে ৯টার দিকে এজাহারটি ১৯২৭ সালের বন আইনের ২৬(১/ক)(ছ) ধারায় মামলা হিসেবে রুজু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।