বিনোদন

‘নবাব এলএলবি’র অশ্রাব্য সংলাপ ফেলে সেন্সরে জমা 

শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে অশ্রাব্য ভাষায় বিভিন্ন প্রশ্ন করেন।

এই দৃশ্য নিয়ে বাধে বিপত্তি। পুলিশকে হেয় করার অভিযোগ ওঠে। পর্নোগ্রাফি আইনে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এরপর আপত্তিকর সংলাপসহ কিছু দৃশ্য কর্তন করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে। আগামী ১৯ জানুয়ারি সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখবেন।

প্রযোজক আজমত রহমান বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। এটা অ্যাপেই চলবে। সেন্সরে জমা দেওয়া আনুষ্ঠানিকতা মাত্র। সিনেমাটির দৈর্ঘ্য বড় ছিল। কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়েছে।’

শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া।