শিক্ষা

৪১তম বিসিএস পরীক্ষা শুক্রবার, কেন্দ্রে থাকবেন চিকিৎসক

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে শুক্রবার (১৯ মার্চ)। সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতি পরীক্ষা কেন্দ্রে থাকবেন একজন করে চিকিৎসক।

কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, ‘স্বাস্থবিধি মেনে আগামীকাল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই ঝুঁকি এড়াতে প্রতি পরীক্ষা কেন্দ্রে একজন করে চিকিৎসক নিযুক্ত করা হবে। তাৎক্ষণিক চিকিৎসার যাবতীয় প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে, করোনার সংক্রমণ বাড়ে যাওয়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টের অ্যাপিলিয়েড ডিভিশনে যাচ্ছেন বিসিএস প্রত্যাশীরা। তারা আশা করছেন, আজকের মধ্যেই আপিল বিভাগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাবেন।