অর্থনীতি

ইনডেক্স এগ্রোর আইপিও লটারির ড্র সোমবার

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র সোমবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৪তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৪৩ লাখ ৬০ হাজার ৩৮৪টি শেয়ার প্রতিটি ৫০ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ২০ শতাংশ বাট্টায়) ইস্যুর মাধ্যমে ২১ কোটি ৮০ লাখ ১৯ হাজার ২০০ টাকা সংগ্রহ করা হয়।  বাকি ৩৮ লাখ ৯৩ হাজার ২৬৫টি শেয়ার কাট-অব প্রাইসে অর্থাৎ ৬২ টাকা করে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ২৪ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা সংগৃহীত হয়।

কোম্পানির কাট-অব প্রাইস নির্ধারণের জন্য গত ১ নভেম্বর বিকেল ৫টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টায় নিলাম অনুষ্ঠিত হয়। আর গত ১০ সেপ্টেম্বর বিএসইসির ৭৩৯তম সভায় কোম্পানির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও উপকরণ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.০৩ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল এবং ইবিএল ইনভেস্টমেন্ট।