সারা বাংলা

মাকে বেঁধে রেখে আড়াই মাসের শিশু ছিনতাই

টাঙ্গাইলের সখীপুরে গভীররাতে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা শোলা প্রতিমা এলাকার এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ছিনতাই হওয়া শিশুর নাম জোনায়েদ। তার বাবা আছর উদ্দিন পেশায় ট্রাকচালক। তার মায়ের নাম কল্পনা আক্তার। তাদের বাড়ি উপজেলার শোলা প্রতিমা গ্রামে।

মা কল্পনা আক্তার জানান, ট্রাকচালক আছর উদ্দিন ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন না। এতে তার স্ত্রী কল্পনা আক্তার ওই শিশুসহ দুই সন্তানকে নিয়ে রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে ঘরের কাঁচা ডুয়া (সিধঁ) কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় কল্পনা আক্তার ঘরে প্রবেশ করা দুর্বৃত্তদের দেখে চিৎকার শুরু করেন। পরে দুর্বৃত্তরা তার মুখে গামছা বেঁধে আড়াই মাসের শিশুকে নিয়ে পালিয়ে যায়।

ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। শিশুটিকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।