বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে আর বল করতে পারবেন না শ্রীলঙ্কার সিমার লাহিরু কুমারা। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিন ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। শুক্রবার সন্ধ্যায় এমআরআই স্ক্যানে তার চোট ধরা পড়ে। তাতে সিরিজ শেষ হয়ে গেলো তার। প্রথম ইনিংসে ২৮ ওভার বল করেন কুমারা, ৮৮ রান খরচায় নেন ১ উইকেট।
পাঁচ মাসে এ নিয়ে দ্বিতীয়বার চোটের কারণে পুরো টেস্ট খেলতে পারলেন না কুমারা। গত বছর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের মাঝপথে ছিটকে যান কুঁচকির অস্বস্তির কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচের পর এটাই ছিল তার প্রথম টেস্ট।
কুমারা ছিটকে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে কেবল তিনজন ফ্রন্টলাইন বোলার পাচ্ছে- দুই সিমার সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো এবং লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ধনঞ্জয়া ডি সিলভাকে দিয়ে খণ্ডকালীন স্পিন হয়তো করাতে পারে লঙ্কানরা।
দ্বিতীয় টেস্টের জন্য কুমারার বিকল্প হিসেবে শ্রীলঙ্কার হাতে রয়েছ আসিথা ফার্নান্ডো ও নতুন মুখ দিলশান মাদুশানকা। আর যদি স্পিনে গুরুত্ব দিতে চায় তাহলে অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমার।
চলতি ম্যাচে হয়তো কুমারার ব্যাটিং নাও করা লাগতে পারে। দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।