ডক্রিকেটের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকার পা দিয়েছেন ৪৯ বছরে। ৪৮ বছর আগে আজকের এই দিনে, মানে ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম হয় ক্রিকেট ঈশ্বরের। জন্মদিনে সারা বিশ্ব থেকে ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন আশীর্বাদ। তাদের ধন্যবাদ জানিয়ে একটি অনুরোধ করেছেন শচীন।
সারা বিশ্ব এখন লড়াই করছে করোনাভাইরাসের বিরুদ্ধে। শচীনের নিজ দেশ ভারত বিপর্যস্ত। মার্চে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতী এই ভাইরাসে। ২১ দিন লড়াই করে ফেরেন সুস্থ হয়ে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ভক্তদের অনুরোধ জানিয়েছেন প্লাজমা ডোন্ট করার জন্য।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক ভিডিও বার্তায় এই অনুরোধটি করেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান।
তিনি বলেন, 'যদি প্লাজমা সঠিক সময়ে দেওয়া হয় করোনা আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়। আমি দেওয়ার উপযোগী হলে প্লাজমা ডোনেট করবো। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তোমাদের মধ্যে যারা করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছ তোমরা চিকিৎসকের সঙ্গে কথা বলো। যখন দেওয়ার উপযোগী হবে অনুগ্রহ করে তোমার প্লাজমা ডোনেট করো।'
জন্মদিনে আশীর্বাদ জানানোয় ভক্তদের ধন্যবাদ জানিয়ে শচীন বলেন, 'সবাইককে ধন্যবাদ আমার জন্মদিনে আশীর্বাদ করার জন্য। এটা সত্যি সত্যি আমার দিনটিকে সুন্দর করেছে। গত মাস আমার জন্য খুব কঠিন ছিল। আমি করোনা পজিটিভ ছিলাম, এবং আমাকে ২১ দিন আইসোলেশনে থাকতে হয়েছে।'