শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে পাঁচ দিনের রিমান্ডে কারাগার থেকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। রোববার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার তেজগাঁও থানার মামলায় আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে তাকে তেজগাঁও থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মীয় ওয়াজে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যা ব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যা ব।
১৩ এপ্রিল গাছা থানা পুলিশ গাজীপুর আদালতে রফিকুল ইসলামকে ৭ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে। ১৫ এপ্রিল আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে ২ দিনের রিমান্ডে রফিকুল ইসলামকে কারগার থেকে গাছা থানায় নিয়ে যায় পুলিশ।
গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২১ এপ্রিল দুপুরে আদালতে রিমান্ড আবেদন করে। পরে ভার্চুয়ালি শুনানি শেষে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২২ এপ্রিল দুপুর সোয়া ১টার দিকে তাকে ২ দিনের রিমান্ডে বাসন থানায় নেওয়া হয়। রিমান্ড শেষে ওই দুই থানা থেকে তাকে ফের কারাগারে পাঠানো হয়।
রফিকুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।