ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারকে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজা-এর নামে নামকরণ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় ৩ জন গবেষককে পিএইচ.ডি ডিগ্রি এবং ৪ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. মোহাম্মদ মুর্তজা ১৯৫৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা তাকে নৃশংসভাবে হত্যা করে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, স্থাপনা শহীদ বুদ্ধিজীবী, শিক্ষক, কর্মকর্তার নামে নামকরণের একটি রেওয়াজ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নাম ‘শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার’ করা হল।