এলএসডি ও ডিএমটি মাদকসহ গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
আসামিদের মধ্যে সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেনের দুই দিন এবং আব্রাহাম জোনায়েদ ও সিমিয়ন খন্দকারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সানাউল হক আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ অবৈধ মাদক ব্যবসায়ী। তারা ভয়ঙ্কর মাদকদ্রব্য ডিএমটি ও এলএসডি এবং গাঁজা সংগ্রহ করে নিজেদের কাছে রেখে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় মাদকসেবীদের বিক্রয় করে আসছিল। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ এবং আরও মাদকদ্রব্য উদ্ধারসহ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় আসামিদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, শ্রী প্রাণ নাথসহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
গত ২৬ জুন রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার লাভ রোড থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪০টি এলএসডি ব্লট, ৬০০ গ্রাম ডিএমটি ও ৬২ গ্রাম আমেরিকান ক্যানাবিজ উদ্ধার করা হয়েছে।