জাতীয়

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জনের।

বৃহস্পতিবার(১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ‌্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ জুন এক দিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাত জন, যশোরে সাতজন, খুলনায়  আট জন, ঝিনাইদহে চার জন, সাতক্ষীরায় চার জন, মেহেরপুরে তিন জন, নড়াইলে তিন জন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে পথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।

এদিকে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছি। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। ফলে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।