জাতীয়

হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানালো চার দূতাবাস

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ চার দেশের দূতাবাসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টায় হলি আর্টিজানে হামলার স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, ইতালির রাষ্ট্রদূত এনরিকো, জাপানের রাষ্ট্রদূত নাওকো ইতো ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন চার দেশের রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, ‘আমরা অবন্তিকা কবিরকে স্মরণ করছি। অবন্তিকা কবির ছিলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে স্মরণ করছি জঙ্গি হামলায় নিহত হওয়া অন‌্যদের। যেসব পুলিশ কর্মকর্তা জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদেরও স্মরণ করছি।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা করে জঙ্গিরা। এতে দেশি-বিদেশি নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যসহ ২২ জনের মৃত্যু হয়।