অর্থনীতি

বি.বাড়িয়ায় ইসলামী ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা চুরি

জেলা প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া, ১২ মার্চ : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ব্যাংক থেকে দিন-দুপুরে এক গ্রাহকের ১০ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ব্যস্ততম কোর্ট রোডের ইসলামী ব্যাংক শাখার তিনতলায় এ ঘটনা ঘটে। ইসলামী ব্যাংক লিমিটেড কোর্ট রোড শাখার ব্যবস্থাপক এএফএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার বাসিন্দা ও বিসিক শিল্পনগরীর আরমান সোপ ফ্যাক্টরি ও আরশি মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক হাজি মো. সোলায়মান মিয়া মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ (লোন) উত্তোলন করে ল্যাপটপের ব্যাগে ঢুকিয়ে রাখেন। পরে কাউন্টারের সামনে ওই ব্যাগ রেখে পাশের টেবিলে কাজ করার সময় ৩ যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে গ্রাহক কিংবা ব্যাংক কর্তৃপক্ষের কেউ বিষয়টি পুলিশকে অবহিত করেননি।

রাইজিংবিডি / সমীর / রিশিত / রাসেল পারভেজ