গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। এবার রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে নিয়মিত দেশের তারকাদের আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এসময় নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।
বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আগামী শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে।