চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের চার বছর ধরে সম্মানি ভাতা বন্ধ রয়েছে। ১২ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেও প্রতিকার পাননি।
এর আগেও এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা আবেদন করেছিলেন। এমনকি নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের দায়িত্ব নিয়েও তিনি এর সমোঝতা করতে পারেননি।
ইউপি সদস্যদের অভিযোগ থেকে জানা গেছে, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের ৪৫ মাসের ভাতা বন্ধ রেখেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক।
সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান আমিনুল হক ক্ষমতার অপব্যবহার করে সব ইউপি সদস্যদের ভাতা বন্ধ রেখেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন প্রকল্প স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেই সম্পন্ন করছেন।
ভূক্তভোগী ইউপি সদস্য আবু বাক্কার জানান, চেয়ারম্যান জামায়াতের সক্রিয় সদস্য। আমরা অন্যায়ের প্রতিবাদ করলে তিনি জামায়াত শিবির দিয়ে আমাদের নির্যাতন করার হুমকি প্রদর্শন করেন। ইউনিয়ন পরিষদে গত ৫ বছরে ৬৩টি দোকান ঘরের ভাড়া বাবদ ১২ লাখ, হোল্ডিং ট্যাক্স ২০ লাখ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৫ লাখ টাকা, খোয়ার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়ারেশন সার্টিফিকেট বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয় হয়। এতে মোট ৪০ লাখ টাকা আয় হয়। কিন্তু সব টাকা চেয়ারম্যান আত্মসাত করেছেন।
বাক্কার বলেন, আমরা সরকারি ভাতার অংশটুকু প্রতিমাসে নিয়মিত পেলেও পরিষদ থেকে প্রাপ্ত সম্মানি ভাতা চেয়ারম্যান আমাদের পরিশোধ করছেন না। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছি।
এ দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া সম্মানি ভাতা পরিশোধের জন্য চেয়ারম্যান আমিনুল হককে নির্দেশ দিলেও বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত তিনি বেতন ভাতা ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রদান করেননি।
এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুল হক বলেন, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মিথ্যা। ট্যাক্স ঠিকমত কালেকশন (সংগ্রহ) না হওয়ায় ইউপি সদস্যদের সম্মানিভাতা ঠিকমত দিতে পারিনি। ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ইউপি সদস্যরা কোন ধরনের সহযোগীতা বা দায়িত্ব পালন করেন না।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, নেজামপুর ইউপি সচিবকে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছিলাম তিনি তা করেননি। চেয়ারম্যান সাহেব বলেছিলাম তিনি কোন সদুত্তর না দেওয়ায় উভয়কে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে ইউপি সদস্যদের বকেয়া সম্মানিভাতা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাহী অফিসারের কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।