সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা, আর একজন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
একই সময়ে বিভাগের চার জেলায় নতুন করে আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে সিলেটের চারটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৩৭৫ জনের। শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এ তথ্য স্বাস্থ্য বিভাগের।
এর আগের দিন বিভাগের চার জেলায় করোনায় ১০ জনের মৃত্যু এবং ২৩০ জন শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সে হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্ত।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন আরও ৪১৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ২০৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ৬০৩৭ জন, হবিগঞ্জে ৬২৩৯ জন, মৌলভীবাজারে ৭৬১৬ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৪৩৪ জনের করোনা শনাক্ত হয়।
একইভাবে বিভাগের চার জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৭৪৯ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯২ জনের করোনায় মারা গেছেন।