জাতীয়

তেজতুরী বাজারে বাসায় বিস্ফোরণ: এক শিক্ষার্থীর মৃত্যু

তেজগাঁওয়ে পূর্ব তেজতুরী বাজার বাসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. জিতু (২৮)  নামে এক শিক্ষার্থী মারা গেছেন।

শুক্রবার (১ অক্টোবর)  রাত সাড়ে ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার আইয়ুব আলী এ তথ‌্য নিশ্চিত করে জানান, জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। 

নিহতের দুলাভাই গিয়াসউদ্দিন বলেন, ‘জিতু ঢাকা কলেজ থেকে পড়ালেখা শেষ করেছে। বিসিএস পরীক্ষা দিয়েছে দুই বার। কিন্তু একবারও হয়নি। তার নেদারল্যান্ডস যাওয়ার কথা ছিলো। কাগজপত্রও চলে এসেছে। কিন্তু জিতুর আর নেদারল্যান্ডস যাওয়া হলো না। চলে গেলো না ফেরার দেশে।’

জিতুর বাড়ি পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম আহসাদুল ইসলাম।

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, জিতু মারা যাওয়ার আগে জানিয়েছেন, ওই বাসায় গ্যাস লিকেজ ছিলো। সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৮ টার পরপরই পূর্ব তেজতুরী বাজার সংলগ্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার একটি কক্ষে মেস করে দুই শিক্ষার্থী থাকতেন। তারা দুজনেই দগ্ধ হন। মো. ইয়াসিন নামে আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: কী ঘটেছিল তেজতুরী বাজারের সেই বাসায়?

তেজতুরী বাজারে বাসায় বিস্ফোরণ, দগ্ধ ২ জন হাসপাতালে