ক্যাম্পাস

জাবিতে কুকুর বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ দেওয়া হয়েছে। এসময় অন্তত ২০টি কুকুর বন্ধ্যাকরণ করা হয়। পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে অ্যাগ্রোভেট বায়ো সলিউশনের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। 

শনিবার (২ অক্টোবর) সকালে সংগঠন সূত্রে এতথ্য জানা যায়।  এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা দেওয়া হয়।

এছাড়াও অসুস্থ কুকুর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসা দেওয়া হয়। এ টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দিয়েছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি। পাশাপাশি এগুলোর জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে, তেমনি নিরাপদ থাকবেন শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দুই বছরে সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে শত শত স্বেচ্ছাসেবী গড়ে তুলতে পেরেছে এবং তাদের মাধ্যমে কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরেছে।

এসময় উপস্থিত ছিলেন পেট কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, অ্যাগ্রোভেট বায়ো সলিউশনের পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারী অ্যান্ড পেট কেয়ার নেটওয়ার্কের (বিভিপিএন) পরামর্শক মোহায়মেনুল হক পাদ্ম ও বাংলাদেশ ভেটেরিনারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউটের ট্রেইনিং অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক শেখ মাসুদুর রহমান ও প্রভাষক মো. মনিরুল ইসলাম।

এছাড়া ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শুভ শর্মা, সহ সাধারণ সম্পাদক আলকামা আজাদ, প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া, কোষাধ্যক্ষ তামান্না বিনতে ফারুক, যুগ্ম কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা (প্লাবন), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তামান্না ইসরাত মীম উপস্থিত ছিলেন।