জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সারাদেশ ন্যায় সুনামগঞ্জের ৫ লাখ ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
এরই অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সকালে সুনামগঞ্জ শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তীসহ প্রমুখ।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, চলতি বছর সুনামগঞ্জের চারটি পৌরসভাসহ ১২টি উপজেলার ৫ থেকে ১৬ বছর বয়সী ৫ লাখ ৯০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আজ সকাল থেকে জেলাব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক জানান, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ পথচারী শিশুদেরকেও এই কর্মসূচির আওতায় নিয়ে এসেছি।