ক্যাম্পাস

নোবিপ্রবিতে টিকা কার্যক্রম শুরু রোববার   

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম আগামীকাল ৩১ অক্টোবর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের নতুন ভবনে এ কার্যক্রম চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

শনিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ বিষয়ে জানা যায়।

রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, নোবিপ্রবি মেডিক্যাল সেন্টার ও কোভিড-১৯ শনাক্তকরণ কেন্দ্র এই টিকা কার্যক্রম তত্ত্বাবধান করবে। যারা টিকার রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকা নেয়নি তাদের টিকার ১ম ডোজ দেওয়া হবে। টিকার ২য় ডোজের তারিখ পরে জানানো হবে।

টিকা পরিচালনা কমিটি জানায়, সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। শুধু সিনোফার্ম এর টিকা দেওয়া হবে। টিকার প্রথম ডোজ দেওয়ার ১ মাস পর ২য় ডোজ দেওয়া হবে। যারা টিকার এসএমএস পায়নি তাদের এসএমএস প্রাপ্তির লক্ষ্যে টিকা কেন্দ্রের ভলান্টিয়ারকে অবহিত করে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কমিটি আরও জানায়, যাদের শুধু জন্মনিবন্ধন আছে তারা ভলান্টিয়াদের কাছে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করবে। যারা টিকা কেন্দ্র হিসেবে নোয়াখালী সদর হাসপাতাল, জেলা পুলিশ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সিলেক্ট করেছে, তারা টিকা নিতে পারবে।

এদিকে টিকা দানের লক্ষ্যে গত ২৫ অক্টোবর নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ে নোবিপ্রবি মেডিক্যাল টিম, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।